জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল জানিয়েছেন, সরকার নিরাপত্তার দোহাই দিয়ে জনমানুষের বাকস্বাধীনতা খর্ব করার নীতিতে বিশ্বাসী নয়। তবে বাকস্বাধীনতার আড়ালে বিভ্রান্তি বা অপতথ্য ছড়ানোর কোনো সুযোগও দেওয়া হবে না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিইউপির নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ (FSSS)। তিনি বলেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একটি মাত্র ক্লিকে লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করা সম্ভব; আবার একটি মাত্র মিথ্যা বার্তা আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি, এমনকি সহিংসতারও জন্ম দিতে পারে।
বিগত দশকের পরিস্থিতির প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার বলেন, পূর্ববর্তী সরকার আইসিটি আইন, ডিএসএ আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মতো কঠোর ও নিপীড়নমূলক আইনগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। গুজব দমনের নামে সেই আইনগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের কারাবন্দি করা, সাংবাদিকদের মুখ বন্ধ রাখা এবং ভিন্নমত দমনে তৎপর ছিল তৎকালীন প্রশাসন। তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন, দেশের মানুষ সেই অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি আর দেখতে চায় না এবং বর্তমান সরকারও তা হতে দেবে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, কেবল ডিজিটাল কন্টেন্টের ভোক্তা না হয়ে তরুণ প্রজন্মকে বিচারবুদ্ধিসম্পন্ন ও দায়িত্বশীল হতে হবে। মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই তরুণরাই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ইন্টারনেট বিচ্ছিন্নতার মতো চরম প্রতিকূলতার মধ্যেও তারা সত্যের পক্ষে অবস্থান নিয়েছিল এবং ভোটাধিকার পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে তোমরাই পনেরো বছরের এক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিলে। যখন ক্ষমতাচ্যুত সরকার তাদের নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন এই বাংলাদেশে তোমারাই সত্যকে বাঁচিয়ে রেখেছিলে। তোমরাই প্রমাণ করেছ যে, কোনো স্বৈরশাসকই একটি সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, তাদের উচিত স্বচ্ছতা বৃদ্ধি করা এবং ক্ষতিকর মিথ্যা তথ্য রিপোর্ট করার কার্যকর ব্যবস্থা রাখা।
বর্তমান ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, প্রযুক্তির সুবিধা যেমন রয়েছে, তেমনি ভুল তথ্য, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, সাইবার অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্য ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল মাধ্যমে মুহূর্তেই হাজারো মানুষের কাছে তথ্য পৌঁছে যায়, যার অপব্যবহার আতঙ্ক বা সহিংসতা তৈরির কারণ হতে পারে। তাই ভুল তথ্য ও অপতথ্যের পার্থক্য বুঝে সচেতনভাবে মোকাবিলা করতে হবে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবা, জনতথ্য এবং অর্থনৈতিক সুযোগের পরিধিকে প্রসারিত করার মাধ্যমে আমাদের সমাজব্যবস্থাকে আমূলে বদলে দিয়েছে। তিনি বলেন, এই সুযোগগুলোর পাশাপাশি প্রযুক্তি কিছু গুরুতর চ্যালেঞ্জও নিয়ে এসেছে। ভুল তথ্য এবং অপতথ্যের পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, উভয়ই ব্যক্তি, সম্প্রদায় এবং রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই চ্যালেঞ্জগুলো বিশেষ মনোযোগের দাবি রাখে।
তিনি আরও বলেন, সংবিধান প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে এই ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় সমালোচনামূলক চিন্তাভাবনার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা ও তথ্য যাচাইয়ের মতো বিষয়গুলো যুক্ত করা প্রয়োজন। গণমাধ্যমকে তাদের পেশাগত নৈতিকতা ও সঠিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
পরিশেষে ডেপুটি স্পিকার বলেন, এই জটিল পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও তরুণ প্রজন্মের সম্মিলিত সহযোগিতা আবশ্যক। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার নাম: 






















