সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে বড় চাপে পড়েছে বাংলাদেশ। দিনের শেষভাগে ব্যাট করতে নেমে ৫১ রানের মধ্যেই স্বাগতিকরা হারিয়েছে ৩ উইকেট। দিন শেষে ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান। প্রথম ইনিংসের হিসেবে সফরকারীদের চেয়ে এখনও ২৬৮ রানে পিছিয়ে আছে শান্তর দল।
এর আগে দিনের শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ২৩৫ রান দিয়ে। আগের দিনের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু করেন ১৩৩ রান। এছাড়া জাস্টিন গ্রিভসের ব্যাটে ৫১ এবং কেভিন উইকহ্যামের ব্যাট থেকে আসে ৬১ রান। শেষদিকে জেইডেন সিলস ও জোমেল ওয়ারিক্যান মিলে ৩৩ রানের জুটি গড়লে ক্যারিবীয়দের ইনিংস ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে গিয়ে থামে।
বাংলাদেশের বোলিং আক্রমণে এদিন আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার, যার জন্য তিনি খরচ করেছেন ৯০ রান। এছাড়া বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ম্যাচে স্টাম্পিংয়ের মাধ্যমে উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। পাশাপাশি তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে চোটের কারণে সাদমান ইসলাম না থাকায় ওপেনিংয়ে নামেন নাঈম হাসান, কিন্তু ৫ রান করেই জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর তানজিদ হাসান ১৬ রানে জাস্টিন গ্রিভসের দুর্দান্ত ক্যাচে পরিণত হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৮ রান করে শামার জোসেফের বলে বোল্ড হন। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়লে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম জুটি বেঁধে খেলা সামাল দেওয়ার চেষ্টা করছেন। দিন শেষে হৃদয় ২৯ ও মুশফিক ১৯ রানে অপরাজিত আছেন। তাদের অবিচ্ছিন্ন এই জুটি থেকে দলের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৩৭ রান, যা তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানোর মূল শক্তি হতে পারে।
রিপোর্টার নাম: 
























