সিকিমের ভারত-চীন সীমান্তে একটি রহস্যময় বিমানের গতিবিধি শনাক্ত করা হয়েছে। গত ১২ নভেম্বর চীনের দিক থেকে আসা বিমানটি ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে এবং প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর কাটে। ঘটনাটি নিয়ে প্রতিরক্ষা মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, গত ১২ নভেম্বর চীনের দিক থেকে সিকিম সীমান্তের দিকে উড়ে আসে বিমানটি। ভারতের আকাশে বিমানটি অন্তত ২০ থেকে ২৫ মিনিটধরে চক্কর দেয়। তবে বিমানটি কাদের মালিকানায় ছিল, কেন উড়ে এসেছিল, তা এখনো স্পষ্ট নয়।
সেনা সূত্রে জানা গেছে, ২৫ হাজার ফুট উচ্চতায় থাকা বিমানটি সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনীর নজরে আসে। বিমানবাহিনীর রাডারে বিষয়টি ধরা পড়ার পরপরই একাধিকবার রেডিয়ো বার্তায় আকাশসীমা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশ অমান্য করে বিমানটি আরও ২০ মিনিট ওই এলাকায় অবস্থান করে। এই সময় ভারতীয় বিমানবাহিনী বার বার সতর্ক করলেও বিমানটি সরে যায়নি।
এখন পর্যন্ত বিমানটির মালিকানা বা উড্ডয়নের উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় বিমানবাহিনীও আনুষ্ঠানিকভাবে এই ইস্যুতে কোনো মন্তব্য করেনি। বিষয়টি নিয়ে বর্তমানে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানা গেছে।
গতিবিধি শনাক্ত হওয়া এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারি চালানো সম্ভব। উত্তর-পূর্ব ভারতের সাথে দেশের মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী এই করিডোরের গুরুত্ব অপরিসীম। ফলে ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই করিডোর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে দেশের বাকি প্রান্তের যোগাযোগের প্রধান পথ।
রিপোর্টার নাম: 
























