পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। বেশ কয়েকদিন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকার পর মঙ্গলবার সকাল থেকে ফের শ্রমিকরা বিক্ষোভে নামেন। দিনব্যাপী সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে।
সকাল থেকে সাভারের হেমায়তেপুরের বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়তেপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, ওই কারখানা বাদে এলাকার অন্য কারখানায় কাজ স্বাভাবিক রয়েছে এবং এলাকায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
একই দাবিতে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজে যোগ দিয়ে পরে বাইরে বেরিয়ে আসেন। তারা সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিক পরিস্থিতির বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে পরে কিছু কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতির অবনতি ঘটলে খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
রিপোর্টার নাম: 
























