দুই দিন শান্ত থাকার পর সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক শিল্পাঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এই আন্দোলনের প্রভাবে ঢাকা-আরিচা মহাসড়ক অচল হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের উদ্যোগ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের কর্মীরা সড়কে জড়ো হয়ে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেন। সেখানে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশের অভিযোগ, শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুড়তে হয়। সেখানে থেমে থেমে উত্তেজনা চলতে থাকে।
বেলা ১১টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন রাজফুলবাড়িয়া এলাকায় একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। সাভার হাইওয়ে থানার ওসি আলী আহমেদ জানান, মহাসড়ক সচল রাখতে জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টাও ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নেন।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার শ্রম আইনের ১৩(১) ধারায় শিল্পাঞ্চলে আটটি কারখানা বন্ধ রাখা হয়েছে।
এছাড়াও পাঁচটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের সূত্রগুলো জানায়, বিগত দুই দিন পরিস্থিতি অনেকটা শান্ত থাকায় বন্ধ কারখানার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছিল, কিন্তু মঙ্গলবার সকালে নতুন করে শ্রমিক অসন্তোষ শুরু হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে। সাভার মডেল থানার এসআই ইবনে ফরহাদ জানান, শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টার নাম: 























