ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার বিস্ময়কর মিল থাকার কারণে বড় ধরনের বিপাকে পড়েছেন ইরানের তেহরানের এক সাধারণ দোকানি। নেটিজেনদের চোখে এই মিলই এখন তার জীবিকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরানের রাজধানীতে তার দোকানের একটি ৯ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বাদাম, মিষ্টি ও শুকনো ফল বিক্রির দোকানে বসে আছেন এক ব্যক্তি। চুলের ধরন থেকে শুরু করে মুখের গড়ন ও অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর অদ্ভুত সাদৃশ্য খুঁজে পান নেটিজেনরা। কেউ কেউ কৌতূহলবশত তাকে ‘ইরানের নেতানিয়াহু’ বলে আখ্যা দিয়েছেন। আবার অনেকে দোকানের ঠিকানা জানতে চেয়ে কেনাকাটার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই পরিচিতি তার জন্য আনন্দের বদলে ডেকে এনেছে চরম অস্থিরতা।
পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের তথ্য অনুযায়ী, ওই দোকানির নাম আকবর নওরুজ। তিনি জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তার ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অনেকে কেবল চেহারার মিলের কারণে দোকান বয়কটের ডাক দিয়েছেন। ফলে এখন আর আগের মতো ক্রেতারা তার দোকানে আসছেন না বলে অভিযোগ করেছেন আকবর। এছাড়া ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লাও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ও উত্তেজনার কারণে ইরানের সাধারণ জনগণের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রবল ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। এই রাজনৈতিক বাস্তবতার রেশ ধরেই মূলত নেটিজেনদের একাংশ ওই দোকানিকে লক্ষ্য করে নেতিবাচক প্রচারণায় নেমেছে, যা সাধারণ এই ব্যবসায়ীর ব্যক্তিগত জীবনে বড় প্রভাব ফেলেছে।
রিপোর্টার নাম: 






















