আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বয়কট করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, নির্বাচনে শরিয়াহর অনুসারী ও আদর্শবান প্রার্থীদের বিজয়ী করতে সাধারণ মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় শ্রমিক কাউন্সিল ’২৬’-এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুফতি রেজাউল করীম আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলেও আজ পর্যন্ত কোনো সরকারই সেই উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের জন্য আজ পর্যন্ত কোনো সরকারই কার্যকর ও শ্রমবান্ধব অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়নি।
পরিবহন খাতে অটোরিকশাচালকদের ওপর চলা জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, তাদের হয়রানি না করে বরং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করতে হবে, যাতে তারা সুশৃঙ্খলভাবে যানবাহন পরিচালনা করতে পারে। শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্য অধিকার সুরক্ষায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
কাউন্সিলের শেষ পর্যায়ে সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে ২০২৭-২৮ সেশনের জন্য মুহাম্মাদ খলিলুর রহমানকে কেন্দ্রীয় সভাপতি, কে এম বিল্লাল হোসাইনকে সহসভাপতি এবং এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তরা আগামী দুই বছর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
রিপোর্টার নাম: 
























