ফ্রান্সে বৈধ ও অবৈধ অভিবাসনের হার উল্লেখযোগ্যভাবে কমাতে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা প্রকাশ করেছেন দেশটির ডানপন্থি দল রিপাবলিকানস (লেজ রিপুবলিক্যাঁ)। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ব্রুনো রেতাইয়ো ৫৬ পৃষ্ঠার একটি নির্বাচনী কর্মসূচি সামনে এনেছেন। গত ১২ নভেম্বর প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের এই পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন তিনি। পরের দিন ১৩ নভেম্বর প্রভাবশালী দৈনিক ল্য মোঁদ তার প্রস্তাবিত এই সংস্কার নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করে। ল্য পারিজিয়াঁকে দেওয়া সাক্ষাৎকারেও রেতাইয়ো স্পষ্ট জানান, বৈধ অভিবাসন সংকুচিত করা এবং অবৈধ প্রবাহ পুরোপুরি বন্ধ করাই তার প্রধান লক্ষ্য। ফ্রান্সে বেড়ে ওঠা তরুণদের ক্ষেত্রে বাধ্যতামূলক শিক্ষার নিয়ম মেনে চলার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
রেতাইয়োর এই পরিকল্পনায় অভিবাসন সংক্রান্ত সাতটি প্রধান ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ভিসা, কর্মসংস্থান, শিক্ষা, আশ্রয় আবেদন, পরিবার পুনর্মিলন, অভিবাসীদের নিয়মিতকরণ এবং জন্মসূত্রে নাগরিকত্ব অন্তর্ভুক্ত রয়েছে। তার দাবি, শুধু অবৈধ অভিবাসন রোধ করলেই হবে না, বরং বৈধ অভিবাসনের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি।
শিক্ষার্থী ও নাগরিকত্বের নিয়মাবলীতে বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিয়েছেন এই রাজনীতিবিদ। বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বর্তমানের তুলনায় অর্ধেকে নামিয়ে আনার পাশাপাশি আবাসিক অনুমতি পাওয়ার শর্তগুলো আরও কঠিন করার প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে, কোনো শিক্ষার্থী শিক্ষাবর্ষে ব্যর্থ হয়ে পুনরায় একই বর্ষে পড়লে তার আবাসিক অনুমতি বাতিল হতে পারে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়াও কঠোর করার কথা বলা হয়েছে। অন্যদিকে, ফ্রান্সে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রচলিত অধিকার বা ‘দ্রোয়া দ্যু সল’ বাতিলের পরিকল্পনা করেছেন রেতাইয়ো। তার মতে, ফরাসি নাগরিকত্ব পাওয়ার একমাত্র পথ হওয়া উচিত প্রাকৃতিকীকরণ বা ন্যাচারালাইজেশন। এক্ষেত্রে কমপক্ষে ১০ বছর ফ্রান্সে বসবাস, অপরাধমুক্ত রেকর্ড এবং অর্থনৈতিক স্বনির্ভরতাকে অপরিহার্য শর্ত হিসেবে প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ফ্রান্সে পড়তে আসতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। জন্ম, পারিবারিক সম্পর্ক কিংবা বিয়ের মাধ্যমে নাগরিকত্ব অর্জনের প্রচলিত স্বয়ংক্রিয় ও ঘোষণাভিত্তিক পথগুলোও বাতিল বা সীমিত করে একক প্রাকৃতিকীকরণ প্রক্রিয়া চালুর কথা বলা হয়েছে।
আশ্রয়প্রার্থীদের বিষয়ে তার অবস্থান বেশ কঠোর। তিনি চান, নিরাপদ তৃতীয় কোনো দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে ফ্রান্সের বাইরেই যেন আশ্রয় আবেদন যাচাইয়ের কাজটি সম্পন্ন হয়। প্রয়োজনে আবেদনকারীদের অন্য নিরাপদ দেশে স্থানান্তরের কথাও বলেছেন তিনি। কর্মসংস্থানের ক্ষেত্রে বিদেশি কর্মীদের নিয়োগ ফরাসি অর্থনীতির প্রকৃত চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করার কথা উল্লেখ করেছেন রেতাইয়ো। তার দেওয়া তথ্য অনুযায়ী, ফ্রান্সের মোট অভিবাসনের মাত্র ১৩ শতাংশ শ্রম অভিবাসন সম্পর্কিত। কাজের অনুমতি নিয়ে এসে যদি কেউ নির্দিষ্ট কাজ না করে, তবে তাদের দেশ ছাড়তে হবে। এছাড়া অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিতকরণের সুযোগ বন্ধ এবং পরিবার পুনর্মিলনের ক্ষেত্রেও কঠোর বিধি-নিষেধ আরোপের প্রস্তাব দিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় চিকিৎসা সহায়তার ক্ষেত্রেও পরিবর্তনের কথা বলেছেন রেতাইয়ো। অনথিভুক্তদের জন্য প্রচলিত ‘এইড মেডিকাল দ্যু লেতা’ (এএমই) কর্মসূচি বাতিল করে কেবল জরুরি ও জীবনরক্ষাকারী সেবার ব্যবস্থা রাখার পক্ষে তিনি। এসব বড় পরিবর্তনের জন্য তিনি সংবিধান সংশোধন ও গণভোটের পথ বেছে নিতে চান। নির্বাচিত হলে ২০২৭ সালের শরৎকালে সংবিধানের ৮৯ অনুচ্ছেদ ব্যবহার করে প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন তিনি। পরবর্তীতে ২০২৮ সালের শুরুতে অভিবাসন বিষয়ে গণভোট আয়োজনের উদ্দেশ্যে সংবিধানের ১১ অনুচ্ছেদের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তার। অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন রেতাইয়ো। তার মতে, বর্তমান ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।
উল্লেখ্য যে, ল্য মোঁদের প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে ফ্রান্সের জনসংখ্যার ৯ দশমিক ৪ শতাংশ ছিল বিদেশি নাগরিক। ইউরোস্ট্যাটের তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে এই অনুপাতে ফ্রান্সের অবস্থান ১৪তম। রাজনৈতিক মহলে অভিবাসন নিয়ে বিতর্ক দিন দিন জোরালো হচ্ছে। রেতাইয়ো তার এই কর্মসূচির মাধ্যমে মধ্য-ডানপন্থি নেতা এদুয়ার ফিলিপের নীতির সমালোচনা করেছেন। তার অভিযোগ, ফিলিপ অভিবাসন কমানোর ক্ষেত্রে যথেষ্ট কঠোর নন। অবশ্য রেতাইয়োর এই সব প্রস্তাব এখনো আইন নয়। এসব প্রস্তাবের বাস্তবায়ন নির্ভর করছে ২০২৭ সালের নির্বাচনের ফলাফল, পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার ওপর। তবে এ ধরনের ব্যবস্থা কার্যকর করতে কোন কোন দেশের সঙ্গে চুক্তি করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
রিপোর্টার নাম: 
























