বুধবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিলের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো চার যাত্রী।
নিহতরা হলেন জয়পুরহাট সদর পৌরসভা এলাকার বাসিন্দা রোজিনা আক্তার (৬০) এবং তার মেয়ে নাজমা খাতুন (৪০)। রোজিনা আক্তার নজিবুর রহমানের স্ত্রী এবং নাজমা খাতুন আসলাম হোসেনের স্ত্রী। তারা জয়পুরহাট থেকে বান্দরবানের লামায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তাদের বাড়ি জয়পুরহাট সদর পৌরসভা এলাকায়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রিপোর্টার নাম: 

























