সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ পাশ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত জিসান আহমেদ গাজীপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকায় এবং তার বাবার নাম আকবার আলী। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিসান আহমেদ (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুরে ঘুরতে আসেন এবং স্থানীয় গোলামের হোটেলে দুপুরের খাবার খান। এরপর তারা যমুনা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে জিসান পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারে বন্ধুরা এবং স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।
খবর পেয়ে এনায়েতপুর থানা-পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সারাদিন চেষ্টা চালানোর পরও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার নাম: 
























