পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এর বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে মাদক সেবন ও ডিজে পার্টির আসর থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২৬ জন নারী এবং ৫৮ জন পুরুষ রয়েছেন। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি ইয়াবা সেবনের সরঞ্জাম ও কনডম জব্দ করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ডিবির একটি দল রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকার ভাড়া দেয়া বাসাটিতে (পুলিশ হাউজিং-১) অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। এছাড়া ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
অভিযানের বিষয়ে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে, বাসাটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি বাসাটি এয়ারবিএনবি প্ল্যাটফর্মের মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানিয়েছেন, ওই বাসাটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো এবং সেখান থেকে প্রাপ্ত আয়ের ৭০ শতাংশই জহিরের পকেটে যেত। অভিযানে কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জানা গেছে, আটককৃতদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিক রয়েছেন। জানা যায়, এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন। এয়ারবিএনবিকে ভাড়া দেয়া হলেও ওই বাসা থেকে যা আয় হতো তার ৭০ শতাংশ নিতেন জহির।
রিপোর্টার নাম: 
























