ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই এবং আমরা সবাই এক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সোমবার রাতে নরসিংদীর বেলাবো উপজেলায় শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে সরকার ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে শারদীয় উৎসব উদযাপনের আহ্বান জানান। আপনারা আপনাদের ধর্মীয় উৎসব নির্দ্বিধায় উদযাপন করবেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই দেশ স্বাধীন করতে আমরা সবাই সম্মিলিতভাবে অবদান রেখেছি, তাই এখানে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই। তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে উৎসব উদযাপনের পরামর্শ দিয়ে প্রতিশ্রুতি দেন যে, বর্তমান সরকার দায়িত্ব পালনরত অবস্থায় তাদের সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করবে। এ সময় মন্ত্রী উপজেলার প্রতিটি মণ্ডপের সামগ্রিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবী দলের সদস্যদের ধন্যবাদ জানান।
এর আগে গত ১৭ অক্টোবর মন্ত্রী বেলাবো উপজেলার ২৬টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছিলেন। এবারের পরিদর্শনের সময় তিনি বেলাবো মিস্ত্রিপাড়া পূজা মণ্ডপের রাস্তা পাকা করা, মণ্ডপ নির্মাণ এবং শ্মশানঘাটের উন্নয়নের জন্য বিশেষ সহায়তা হিসেবে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার নাম: 

























