জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের বিরুদ্ধে বিশ্বজনমত প্রভাবিত করার যে অভিযোগ এনেছেন, তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে কাতার। দোহা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এসব বক্তব্য কেবলই কাল্পনিক ও ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ আল আনসারি এই প্রতিক্রিয়া জানান।
নেতানিয়াহুর দাবি ছিল, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে নেতিবাচক জনমত তৈরি করতে কাতার সুনির্দিষ্ট কোনো প্রচারণা চালাচ্ছে। এর জবাবে ড. মাজেদ আল আনসারি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েল যে ভয়াবহ মানবিক সংকট ও নৃশংসতা চালাচ্ছে, মূলত তা থেকেই বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে ঘোরানোর লক্ষ্যেই নেতানিয়াহু এমন কাল্পনিক অভিযোগ সামনে এনেছেন। কাতারকে নিশানা করা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
কাতার আরও জানিয়েছে, বর্তমান তরুণ প্রজন্মের মাঝে ইসরায়েলবিরোধী যে মনোভাব পরিলক্ষিত হচ্ছে, তাকে কোনো প্রভাব বিস্তারের প্রচারণা বলে ছোট করা কেবল অবমাননাকরই নয়, বরং সত্যকে এড়িয়ে যাওয়ার শামিল। বিশ্ববাসী তাদের চোখের সামনে যা ঘটছে, তার ভিত্তিতেই নিজেদের মতামত তৈরি করছে। কাতারের মতে, এসব অভিযোগ তুলে আদতে ইসরায়েল নিজেদের মাঠপর্যায়ের অপরাধ ও রাজনৈতিক ব্যর্থতা আড়ালের চেষ্টা করছে।
ড. মাজেদ আল আনসারি ইসরায়েলি নেতৃত্বকে পরামর্শ দিয়ে বলেছেন, অন্যকে বলির পাঁঠা না খুঁজে বরং আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিজেদের কাজের দায়ভার জনগণের কাছে স্বীকার করাই তাদের দায়িত্ব হওয়া উচিত। এই ধরনের ভিত্তিহীন প্রচারণা চালিয়ে তারা আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান আড়াল করতে পারবে না বলেও কাতার পুনরায় জোর দিয়ে জানিয়েছে।
রিপোর্টার নাম: 





















