বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলার (২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সহায়তার বিবরণ ও বিতরণ প্রক্রিয়া
- যুক্তরাষ্ট্রের এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার সরঞ্জাম, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী যন্ত্র, গুরুতর অপুষ্টির চিকিৎসায় থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।
- যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
- সহায়তার অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা হাসপাতালে সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেছেন।
ঢাকায় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেরও অংশ। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টার নাম: 

























