আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তুষ্টির বিষয়টি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার সবসময়ই দাবি করবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পূর্ণাঙ্গ উন্নতির জন্য আরও সময়ের প্রয়োজন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে। এই স্বল্প সময়ে সরকার বিভিন্ন সংস্কারমূলক কাজ সম্পন্ন করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার অত্যন্ত সফলতার সঙ্গে কয়েকটি সংকটময় মুহূর্ত মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ সংকট দেখা দিয়েছিল, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার দীর্ঘ এক মাস কোনো জ্বালানি বা গ্যাসের মূল্য বৃদ্ধি করেনি। পরবর্তীতে বোরো মৌসুম শেষ হওয়ার পর সহনীয় মাত্রায় দাম সমন্বয় করা হয়েছে।
তিনি আরও যোগ করেন, বর্তমানের গ্যাস ও জ্বালানি সংকট মূলত বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সমস্যা। রাতারাতি এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। সরকার এখন সফলভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে এবং ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও মজুত সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে।
রিপোর্টার নাম: 






















