দেশের চলমান জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের সঙ্গে সহযোগিতা জোরদার করতে দোহা সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। জ্বালানি সরবরাহের নিশ্চয়তা এবং আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই পক্ষ একমত হয়েছে। আলোচনার বিষয়গুলো দ্রুত এগিয়ে নিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।
বর্তমানে বাংলাদেশ গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালগুলোর রক্ষণাবেক্ষণজনিত সমস্যা এবং দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস পাওয়ায় জ্বালানি সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এই সংকটময় সময়ে কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোকে ঢাকা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের জ্বালানি সরবরাহে কাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে এলএনজি আমদানিতে কাতার বাংলাদেশের অন্যতম প্রধান সরবরাহকারী। দেশে জ্বালানির চাহিদা বাড়ার সঙ্গে আমদানি নির্ভরতাও বাড়ছে। এ অবস্থায় নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাতারের মতো বিশ্বের প্রথম সারির জ্বালানি সরবরাহকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ।
রিপোর্টার নাম: 























