রাজধানীর মিরপুরে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণের পর মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া জাকির হোসেন সোহেলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং হাদি হত্যা মামলার আসামি তাইজুল ইসলাম বাপ্পি চৌধুরী সমার্থক নামে একটি ফেসবুক আইডি থেকে জাকির হোসেন সোহেলের ছবি এডিট করে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে যুক্ত করে তাকে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসেবে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, প্রকৃতপক্ষে জাকির হোসেন সোহেল স্বেচ্ছাসেবক দলের কেউ নন। স্থানীয় সূত্র এবং তার এলাকাবাসীর দাবি অনুযায়ী, তিনি দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজেকে যুবলীগ কর্মী হিসেবেই পরিচয় দিতেন।
নাটোরে বেড়ে ওঠা, যুবলীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা
জাকির হোসেন সোহেল ওরফে রানার জন্ম ও বেড়ে ওঠা নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের মহেষচন্দ্রপুর গ্রামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে এলাকায় পরিচিতি পান তিনি। সে সময় নিজেকে “এসএম রানা” নামে পরিচয় দিতেন এবং যুবলীগ কর্মী পরিচয়ে স্থানীয় বাজারে বিলবোর্ডও স্থাপন করেছিলেন। এলাকাবাসী জানান, তিনি কলম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে মাদক, অনলাইন জুয়া, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয় একটি সেতুর নির্মাণসামগ্রী ও রড চুরির মামলায় জেলও খেটেছেন বলে দাবি করেন স্থানীয়রা। মহেশচন্দ্রপুর বাজারের ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, ঢাকায় যাওয়ার আগে তিনি সেখানে সাইকেল মেকারের কাজ করতেন। পরে পারিবারিক নানা বিরোধ ও বিতর্কের জেরে গ্রাম ছেড়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান।
পরিবারের সঙ্গেও বিচ্ছিন্ন ছিলেন
সোহেলের বাবা জেকের আলী জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক, জুয়া ও নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। মানুষের কাছ থেকে ঋণ নিয়ে এলাকা ছেড়ে চলে যায় এবং প্রায় চার বছর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তিনি বলেন, ছেলের দেনা পরিশোধ করতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তার অপকর্মের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ
এদিকে জাকির হোসেন সোহেলকে স্বেচ্ছাসেবক দলের কর্মী দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার প্রতিবাদ জানিয়েছে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল। পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বাবু ও সদস্য সচিব রবিউল করিম বাবু স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, জাকির হোসেন সোহেল নামে আমাদের সংগঠনের কোনো সদস্য নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে সম্পাদিত ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
মীর আলাউদ্দিন 











