মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শি জিনপিং জোর দিয়ে বলেন যে, চীন সবসময় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নেয়।
ফিলিস্তিন সংকটের স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানের লক্ষ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরুর ওপর গুরুত্বারোপ করেন চীনা প্রেসিডেন্ট। তিনি আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় জর্ডানের বিশেষ ভূমিকার প্রশংসা করেন। বর্তমানে ওয়াশিংটন, ইসরাইল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে জর্ডানের এই কূটনৈতিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠক শেষে চীন ও জর্ডান বাণিজ্য, কূটনীতি এবং সরবরাহ শৃঙ্খল উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া, হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার বিষয়েও উভয় পক্ষ তাদের যৌথ বিবৃতিতে আহ্বান জানিয়েছে।
রিপোর্টার নাম: 
























