চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৫) নামের এক তরুণকে ধাওয়া করে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় পৌঁছানোর পর তাকে ধরে গুলি করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এসআই আলাউদ্দীন তালুকদার জানান, প্রতিপক্ষের লোকজন শর্টগানের গুলি করলে আরাফাত আহত হন। তার মুখে গুলি লেগেছে, তবে চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলেও তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। স্থানীয় কোনো বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার নাম: 






















