চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় শুক্রবার ভোরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আট টন রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে গেলে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—বাঁশখালীর আক্তার হোসেন (৪২), হামিরচরের রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়ার বাহাদুর (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম শহর থেকে রড নিয়ে ট্রাকটি (চট্টমেট্রো-ট ১১-৫০৪৬) আনোয়ারা অভিমুখে যাচ্ছিল। বড়উঠান এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকের ব্রেক বিকল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে রাস্তার পাশের নিচু জমিতে আছড়ে পড়ে। এ সময় ট্রাকের চালক ও সহকারী লাফিয়ে প্রাণে বাঁচতে পারলেও পেছনে থাকা তিন শ্রমিক রডের স্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১৫ মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযানে ফায়ার সার্ভিস কর্মীরা রডের নিচ থেকে আহতদের জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, পিএবি সড়কে নিয়মিত ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মালামাল নিয়ে ভারী যানবাহন চলাচল করে। অতিরিক্ত ওজনের কারণে প্রায়ই ব্রেক বিকল হওয়া বা চাকা ফেটে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে যথাযথ নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন জানান, উদ্ধার অভিযানের পাশাপাশি সড়কটি পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রিপোর্টার নাম: 








