সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতার জটিলতা নিরসনে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং গেজেটেও বিষয়টি প্রকাশ করা হয়। এই কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরিজীবীদের বেতনস্কেলের অসংগতি সংক্রান্ত অভিযোগগুলো পর্যালোচনা করে সমাধানের জন্য কমিটি সুপারিশ প্রদান করবে। একই সাথে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও তারা কাজ করবে। পাশাপাশি ঝুঁকিভাতাসহ অন্যান্য ভাতার হার হ্রাস-বৃদ্ধি বা নতুন করে চালু করার বিষয়টি পর্যালোচনা করার দায়িত্বও দেওয়া হয়েছে এই কমিটিকে। একই দিন প্রকাশিত গেজেটে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
কমিটির কাজের সুবিধার্থে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব ও অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা প্রয়োজনীয় সহায়তা দেবেন। প্রয়োজনবোধে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভার আয়োজন এবং সাচিবিক সহায়তার দায়িত্ব পালন করবে অর্থ বিভাগ।
রিপোর্টার নাম: 























