যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনবিষয়ক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানোর মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই তাঁর তরফ থেকে করা প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দিল্লিতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র সোমবার সকালে ই–মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মেইলটি পাওয়ার পরপরই পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য হাইকমিশন তা দ্রুত ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ধরনের ই–মেইল পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আবেদনপত্রটিতে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথোরাইজেশন’ সংক্রান্ত কোনো বৈধ নথিপত্র বা প্রমাণ পাওয়া যায়নি, যা এ ধরনের আবেদনের ক্ষেত্রে আবশ্যক।
বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও চিহ্নিত সন্ত্রাসী। বর্তমান সরকার তাঁকে কোনো ধরনের কূটনৈতিক সুবিধা না দিয়ে বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার ও সাজা কার্যকর করতে চায়।
ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এই উদ্যোগকে আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার পরিকল্পনার অন্যতম বড় আলামত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এখন দিল্লি থেকে পাওয়া এই ই–মেইলের বিষয়ে আইনি ও দাপ্তরিক যাচাই–বাছাই করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
রিপোর্টার নাম: 
























