ইউরোপে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থার সংকট দিন দিন প্রকট হচ্ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ইউরোপের প্রতি ১০ জনের মধ্যে ৮ জনেরও বেশি মানুষ তাদের ব্যক্তিগত তথ্য এসব বিদেশি প্রতিষ্ঠানের কাছে থাকা নিরাপদ বলে মনে করেন না। এই অনাস্থার কারণে নিজেদের তথ্য স্থানীয়ভাবে সংরক্ষণ এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। সূত্র: পলিটিকো, টেক পলিসি প্রেস এবং দ্য গার্ডিয়ান।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকোর গত মার্চের জরিপ অনুযায়ী, ইউরোপের প্রায় ৮৪ শতাংশ মানুষ ব্যক্তিগত তথ্য পরিচালনার ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর ভরসা রাখতে পারছেন না। চীনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই চিত্র আরও উদ্বেগজনক, যেখানে ইউরোপের ৯৩ শতাংশ মানুষ সেগুলোকে তথ্যের সুরক্ষার জন্য দায়িত্বশীল মনে করেন না। বিপরীতে, ইউরোপীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা রয়েছে ৫১ শতাংশ ব্যক্তির। স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও বেলজিয়ামের ৬ হাজার ৬৯৮ জন নাগরিকের ওপর এই জরিপটি চালানো হয়। ইউরোপে বসবাসকারীদের ৯৩ শতাংশই মনে করেন চীনের প্রতিষ্ঠানগুলো তথ্যের সুরক্ষায় দায়িত্বশীল নয়।
দেশভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, জার্মানির ৯১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের এবং ৯৮ শতাংশ মানুষ চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানকে বিশ্বাস করেন না। তবে বেলজিয়ামের ক্ষেত্রে চিত্রটি কিছুটা ভিন্ন, সেখানকার ৫৯ শতাংশ মানুষ ইউরোপীয় প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থাকে নির্ভরযোগ্য মনে করেন। পোল্যান্ডের মানুষের মধ্যে এই দুই দেশের প্রযুক্তির প্রতি তুলনামূলক বেশি আস্থা দেখা গেছে, যেখানে ৩৮ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্র এবং ২০ শতাংশ মানুষ চীনের প্রতিষ্ঠানকে বিশ্বাস করেন। দেশটির ৫৯ শতাংশ মানুষই বিশ্বাস করেন ইউরোপের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
ইউরোপীয় ইউনিয়নের কঠোর ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ বা জিডিপিআর থাকলেও, যুক্তরাষ্ট্র ও চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের কারণে ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিয়ে ইউরোপের নীতিনির্ধারক ও আদালতের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। আটলান্টিক কাউন্সিলের ফেলো মার্ক স্কট জানান, ব্রাসেলস ও ওয়াশিংটনের মধ্যে মুক্ত বাণিজ্য কিংবা বাক্স্বাধীনতার মতো মৌলিক বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে, যা ডিজিটাল আস্থার ক্ষেত্রেও প্রভাব ফেলছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন পুনরায় দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ অর্জনে জোর দিচ্ছেন। এর অংশ হিসেবে গত জুন মাসে ব্রাসেলস উন্নত সেমিকন্ডাক্টর ও এআই অবকাঠামো তৈরির লক্ষ্যে একটি প্রযুক্তিগত প্যাকেজ ঘোষণা করেছে। ভন ডার লেন স্পষ্ট জানিয়েছেন, বিদ্যুৎ গ্রিড, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবার নিরাপত্তায় বাইরের প্রযুক্তির ওপর নির্ভরতা ইউরোপের জন্য ঝুঁকিপূর্ণ। যদিও বর্তমানে সরকারি নথিপত্রসহ বিভিন্ন ক্ষেত্রে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের সার্ভার ব্যবহৃত হচ্ছে, তবুও অস্ট্রিয়ার সামরিক বাহিনী ওপেনসোর্স প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে এবং ডেনমার্কের স্কুলগুলোতে গুগল ল্যাপটপ বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ২০২৪ সালে পুনরায় দায়িত্ব নেওয়ার পর থেকে ডিজিটাল সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে আসছেন। ডিজিটাল নীতিনির্ধারণ এবং পারস্পরিক আস্থার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দূরত্ব ক্রমেই বাড়ছে। তবে অস্ট্রিয়ার সামরিক বাহিনী মাইক্রোসফট বর্জন করে ইউরোপের ওপেনসোর্সনির্ভর বিভিন্ন সেবা ব্যবহার করছে।
রিপোর্টার নাম: 
























