দেশের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩.৩৮ লাখ কোটি টাকা। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী এই ঋণের চিত্র তুলে ধরেন তিনি।
বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এই ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণের পরিমাণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। এছাড়া নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, চলতি অর্থবছরে আসল ও সুদসহ ঋণ পরিশোধের জন্য ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
একই অধিবেশনে বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সরকার ২ দশমিক ৯৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। তিনি আরও বলেন, উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি কঠিন শর্তের ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকার এখন বিশেষ সতর্কতা অবলম্বন করছে। বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোকে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্বীকার করেন, আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তা ছাড়ের হার ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। এর পেছনে দীর্ঘ দুই বছরের অভ্যন্তরীণ অস্থিরতা ও প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। অর্থনীতি শক্তিশালী করতে সরকার উন্নয়ন প্রকল্প ও বৈদেশিক সহায়তার কার্যকর ব্যবহারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিস্থিতি মোকাবিলায় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকসহ প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং তদারকির জন্য সরকার একটি নতুন কাঠামো গড়ে তুলেছে বলেও তিনি জানিয়েছেন।
রিপোর্টার নাম: 






















