শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণাবলি অর্জনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২৬’। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এবারের ক্যাম্পুরির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’।
বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও ক্যাম্পুরির ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান। তিনি জানান, রংপুর বিভাগের আট জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা থেকে ১৩০টি ইউনিটের প্রায় ১ হাজার ২০০ কাব স্কাউট, গার্ল-ইন-কাব স্কাউট, ইউনিট লিডার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা এই ক্যাম্পে অংশ নিচ্ছেন।
ক্যাম্পুরিতে শিশুদের অংশগ্রহণের জন্য ১০টি চ্যালেঞ্জভিত্তিক স্কাউটিং কার্যক্রম রাখা হয়েছে। পুরো ক্যাম্প পরিচালনার জন্য দুটি ভিলেজ ও চারটি সাব-ক্যাম্প স্থাপন করা হয়েছে। অংশগ্রহণকারী শিশুদের নিরাপত্তা, আবাসন, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও স্যানিটেশন নিশ্চিত করার জন্য আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠন এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া মহাতাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। এই আয়োজনের মাধ্যমে শিশুরা আত্মনির্ভরশীলতা, পরোপকারিতা ও পরিবেশ সচেতনতায় দক্ষ হয়ে ভবিষ্যতে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
রিপোর্টার নাম: 
























