জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা ছিলেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ঋণের বদলে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেছেন, ঋণের বোঝা বাড়িয়ে দেশের ক্ষতি করার প্রয়োজন নেই, বরং জলবায়ু ঝুঁকির বাস্তবতায় আমাদের অনুদানই কাম্য। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা জরুরি। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো উপকৃত হবে।’।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল তুরস্কের আন্তালিয়ায় যায়। তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে ১০ নভেম্বর তিনি সেখানে পৌঁছান এবং বৃহস্পতিবার উচ্চপর্যায়ের অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সম্মেলনে তিনি বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি জরুরি প্রস্তাবনা পেশ করেছেন।
প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে জলবায়ু অর্থায়ন, ঋণের শর্ত সহজীকরণ, অনুদান বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। তিনি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছেন।
জলবায়ু সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর দূরদর্শী উদ্যোগের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দেওয়া হয়েছে। রিজভী জানান, এরই মধ্যে এই কর্মসূচির আওতায় বিগত সাত-আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে, যেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশেও এ বছর তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে আলাদা বৈঠক করেন।
এছাড়াও তিনি ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি ওআইসির মহাসচিব এবং লন্ডনের মেয়রের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সফরকে ফলপ্রসূ অভিহিত করে রুহুল কবির রিজভী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রিজভী আরও বলেন, ‘জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করতে সম্মেলনে প্রধানমন্ত্রীর তুলে ধরা প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রিপোর্টার নাম: 

























