ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত এসআইআর বাতিলের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। রোববার ভোর থেকেই রাজধানীর রামলীলা ময়দানে বিরোধী জোটের কর্মী-সমর্থকরা জড়ো হতে শুরু করেন। বিকেল তিনটার খানিক আগে হুডখোলা গাড়িতে করে সমাবেশে উপস্থিত হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এবং আইসা নেত্রী নেহা বোরার মতো শীর্ষস্থানীয় নেতারা। সমাবেশে দেওয়া বক্তব্যে বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি ভোটচুরির অভিযোগ তোলেন বিরোধী জোটের নেতারা। রাহুল গান্ধী দেশবাসীর উদ্দেশে বলেন, জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অপসারণ করা হবে এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে রাহুল গান্ধী মন্তব্য করেন, জ্ঞানেশ কুমারকে ছাড়া মোদির পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়। অমিত শাহের বক্তব্যের জবাবে তিনি বলেন, মোদি চাইলেও কোথাও পালাতে পারবেন না; তাকে আটকানো হবে। মোদি ও শাহের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাবেশ থেকে রাহুল গান্ধী সংবিধান রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেশের সংবিধানকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া হবে না। সরকার পরিবর্তনের হুঁশিয়ারি দিয়ে তিনি দাবি করেন যে, বর্তমান শাসকরা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
রিপোর্টার নাম: 






















