মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০২ ডলারের গণ্ডি অতিক্রম করেছে। একই সময়ে মুরবান ক্রুডের দাম বৃদ্ধি পেলেও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এবং প্রাকৃতিক গ্যাসের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, সোমবার টোকিও সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৩১ ডলারে অবস্থান করছিল। পূর্ববর্তী দরের তুলনায় এটি ৬ সেন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেশি। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও সরবরাহপথ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তাই তেলের বর্তমান বাজার অস্থিরতার মূল কারণ। এই অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক বাজারে লেনদেনের ক্ষেত্রে বাড়তি ঝুঁকি মূল্য বা রিস্ক প্রিমিয়াম যুক্ত হচ্ছে, যা সরাসরি তেলের দাম বাড়িয়ে দিচ্ছে।
সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দামের ব্যবধান এখন ব্যারেলপ্রতি ১১ ডলার ছাড়িয়ে গেছে। সমুদ্রপথে তেল পরিবহনের ক্ষেত্রে বিঘ্নের ঝুঁকি তৈরি হওয়ায় এই ব্যবধান আরও প্রশস্ত হচ্ছে। এছাড়া বাজারে তেলের ট্যাংকার সংকট দাম বাড়ার পেছনে বড় প্রভাব ফেলছে। জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বৃদ্ধির পাশাপাশি তেল পরিবহনে দীর্ঘ পথ অতিক্রম করতে হওয়ায় সামগ্রিক সরবরাহ ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
বিশেষ করে বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসির (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) ভাড়া সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে এশিয়ার দেশগুলোর ক্রেতাদের কাছে তেল পৌঁছানোর চূড়ান্ত ব্যয় সাধারণ সময়ের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় জ্বালানি বাজারের এই অস্থিরতা আগামী দিনগুলোতেও বজায় থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
রিপোর্টার নাম: 
























