ইরানের ওপর যেকোনো সময় সামরিক হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য এই অভিযান শুরু হতে পারে। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা এ বিষয়টি গুরুত্বের সাথে ভাবছি। হতে পারে আগামীকাল বা আজ রোববারই তা ঘটতে যাচ্ছে। তবে নিজের সামরিক পরিকল্পনার গোপনীয়তা বজায় রাখার স্বার্থে তিনি কিছুটা রহস্য রেখে বলেন, আমি কি আগে থেকেই আপনাদের বলে দেব যে আমি হামলা করতে যাচ্ছি কি না?
মার্কিন প্রেসিডেন্টের মতে, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম না হয়, সেটিই তাদের একমাত্র লক্ষ্য। এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে যে অভিযান চালানো হয়েছিল, সেটিকে স্থায়ী সমাধানের জন্য যথেষ্ট নয় বলে তিনি মনে করেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, আমাকে এই সমস্যার একটি স্থায়ী সমাধান করতেই হবে। সেই লক্ষ্য থেকেই তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণের চিন্তা করছেন।
তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা না জানিয়ে তিনি সামরিক হামলা এবং কূটনৈতিক আলোচনার পথ—দুটোই খোলা রেখেছেন। ট্রাম্পের ভাষায়, হয় আমাকে এই ইস্যুটির ইতি টানতে হবে, নয়তো তেহরানকে নতুন কোনো চুক্তিতে সম্মত হতে হবে। তবে আমি এখনো নিশ্চিত নই। যে পথেই বিষয়টি এগোাক না কেন, শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছে। এখন পর্যন্ত শান্তি বা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও সংকটের কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।
রিপোর্টার নাম: 






















