আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয়ভাবে একক প্রার্থী দেওয়ার উদ্যোগ নিয়েছে। রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের সাথে বৈঠকের পর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত। এই সাংগঠনিক সক্ষমতাকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে দল থেকে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। তবে এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, নির্বাচন যেন উৎসবমুখর ও ঐক্যবদ্ধভাবে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। স্থানীয় পর্যায়ে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রতিনিধিরাই যাতে নির্বাচিত হয়ে আসতে পারেন, সেই লক্ষ্য নিয়ে দল কাজ করছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি নিজস্ব উদ্যোগে নির্বাচনে প্রার্থী হন, তবে সে বিষয়ে দল পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা না হলেও বিষয়টি দলের নজরদারিতে থাকবে বলে তিনি জানান।
দলের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, বিএনপি বর্তমানে সব ক্ষেত্রে ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজ বা দখলদারদের দলে কোনো স্থান নেই এবং এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান।
রিপোর্টার নাম: 

























