শ্রমিকদের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, সরকার দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এম্প্লয়ার্স (আইওই)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের শ্রমিকবান্ধব বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার চিত্র তুলে ধরা হয়।
মাহদী আমিন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতীয় অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী করে সংশোধন করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে বাংলাদেশ সম্প্রতি আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং ১৮৯ অনুমোদন করেছে। এখন সরকারের লক্ষ্য হলো দ্রুত শ্রম বিধিমালা প্রণয়ন করে সংশোধিত আইনগুলো মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করা।
বৈঠকে প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার, শ্রমিক ও নিয়োগকর্তাদের এই ত্রিপক্ষীয় আলোচনা আইএলও রোডম্যাপ বাস্তবায়নের ভবিষ্যৎ পথনকশা তৈরিতে বিশেষ সহায়ক হবে। শ্রমিক স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক সংগঠনগুলোর পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রতিটি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সফররত আন্তর্জাতিক প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক সংস্কারমুখী পদক্ষেপের প্রশংসা করেছেন। বিশেষ করে শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন। আইটিইউসির জেনারেল সেক্রেটারি লুক ট্রায়াঙ্গল, আইওইর ভাইস-চেয়ার কাইজার মোয়ানে, আইএলও গভর্নিং বডির সদস্য জেস ভোগট এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। এ সময় ইপিজেডের অর্থনৈতিক ভূমিকা এবং সার্বজনীন নীতিমালার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, যা দেশে মানসম্মত কর্মসংস্থান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
রিপোর্টার নাম: 
























