আগামীকাল শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের উইকেট নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। সাধারণত বাংলাদেশ নিজেদের মাঠে স্পিনবান্ধব উইকেটে খেললেও, এবার শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ঘাসে ঢাকা দেখা গেছে। এমনকি প্রতিবেদনের সময় পর্যন্তও উইকেটটি ঘাসেই ঢাকা ছিল, যা দেখে পেসারদের আধিক্যের আভাস পাওয়া যাচ্ছে। উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন অবশ্য রহস্য বজায় রেখেছেন; তিনি হাসতে হাসতে বিষয়টি এড়িয়ে গেছেন, যেন সফরকারী ওয়েস্ট ইন্ডিজ কোনোভাবেই এর আগাম আঁচ করতে না পারে।
তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ মনে করছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটের চরিত্র বদলে যেতে পারে। তার ধারণা, ম্যাচের আগে ঘাস কিছুটা ছেঁটে ফেলা হতে পারে বা উইকেট প্রস্তুত করার কাজ এখনো বাকি আছে। চেজ জানান, উইকেট দেখে মনে হচ্ছে নিচের অংশটি এখনো কিছুটা শুষ্ক। বাংলাদেশ সাধারণত স্পিননির্ভর ক্রিকেটের জন্য পরিচিত হওয়ায়, শেষ পর্যন্ত এই উইকেটে স্পিনের প্রভাব থাকার সম্ভাবনাকেও তিনি উড়িয়ে দিচ্ছেন না।
উইকেটের আচরণ নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দল এ নিয়ে বাড়তি মাথাব্যথা করছে না। অধিনায়ক রোস্টন চেজ স্পষ্টভাবে জানিয়েছেন, উইকেট যেমনই হোক, তা উভয় দলের জন্যই সমান। চার ইনিংসের ম্যাচে যারা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে, তারাই সুবিধাজনক অবস্থায় থাকবে। সপ্তাহখানেক আগেই ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল, তাই এখন তাদের মূল মনোযোগ কন্ডিশনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার দিকেই।
উইকেট নিয়ে চেজ বলেন, ‘উইকেটের ব্যাপারটা হলো, দুই দলকেই এখানে খেলতে হবে। এমন নয় যে এক দল বাড়তি কোনো সুবিধা পাবে। ঘাস থাকলে পেসারদের সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকলেও, উইকেট দেখে স্পিনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।’ শেষ পর্যন্ত পিচ কেমন আচরণ করবে, তা এখন দেখার বিষয়।
রিপোর্টার নাম: 

























