জাপানের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রবিবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি করপোরেশনকে স্বাগত জানান তিনি। বাংলাদেশের সঙ্গে জাপানি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পাটজাত পণ্যের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রতিনিধিদলটি জানান, তারা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করছেন। আলোচনার অন্যতম মূল বিষয় ছিল আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক একটি তথ্যকেন্দ্র চালুর পরিকল্পনা। পাশাপাশি কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে। ১ বছরের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি তথ্যকেন্দ্র চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি বা কাফকোতে মারুবেনির বিদ্যমান বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর হলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
বৈঠকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রকৌশলে স্নাতক তরুণদের সাইবার নিরাপত্তায় দক্ষ করে তোলার সরকারি পরিকল্পনার প্রশংসা করে প্রতিনিধিরা জানান, দক্ষ জনবল ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্তিশালী সেবাকেন্দ্রে পরিণত হতে পারে।
সাক্ষাৎকালে সরকারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মারুবেনি করপোরেশনের পক্ষে অংশ নেন দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের সিইও সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশের প্রধান প্রতিনিধি মানাবু সুগাওয়াড়া।
রিপোর্টার নাম: 























