ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানা অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ তার শক্তি হারিয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমটির প্রভাবে ভারতের অন্ধ্র, ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে বৃষ্টিপাত হলেও বাংলাদেশে এর প্রভাব তুলনামূলক কম। তবে এর প্রভাবে গতকাল বুধবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, অর্ণব দুর্বল হয়ে পড়ায় এখন এটি স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে আজও রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের কোথাও খুব ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই।
তীব্র তাপপ্রবাহের কবলে থাকা দেশের জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। টানা তিন দিনের তাপপ্রবাহের পর গতকাল তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে। এর আগে গত মঙ্গলবার ঢাকা, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ দেশের অন্তত ৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মঙ্গলবার ফরিদপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই দিন রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। নাজমুল ইসলাম জানান, রাজধানী ঢাকাতেও আজ দিন বা রাতের যেকোনো সময়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের পরিমাণ ৪ থেকে ৫ মিলিমিটারের বেশি হওয়ার সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকায় এবং বৃষ্টির পূর্বাভাসের কারণে আজ তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার নাম: 
























