লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে আরাফাত সায়েম ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই কিশোর চার দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। মঙ্গলবার রাতে স্বজনদের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিখোঁজ আরাফাত সায়েমের বয়স ১৪ বছর। সে কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজিবাড়ির বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন ও আমেনা বেগমের একমাত্র সন্তান। সায়েম রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, সমবয়সী ইকরামুল হাসান মিনহাজ গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।
শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাদের সন্ধানে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে।
রিপোর্টার নাম: 

























