সমুদ্রের পাশাপাশি মিঠা পানির মাছের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানিয়েছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের সামগ্রিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং নদী-নালা ও খাল-বিলের নাব্যতা পুনরুদ্ধারের লক্ষ্যে বর্তমান সরকার দেশব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া জলপথকে দূষণমুক্ত রাখার বিষয়েও জোর দিচ্ছেন তিনি।
মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরী।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মৎস্যসম্পদের টেকসই উন্নয়নের জন্য নদীগুলোর নাব্যতা ফেরানো এবং পরিবেশ রক্ষা অপরিহার্য। তিনি গভীর সমুদ্রের মৎস্য আহরণের পাশাপাশি মিঠা পানির মাছের আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর আহ্বান জানান। নতুন বাংলাদেশ গড়ার অভিলক্ষ্য পূরণে এবং মৎস্য খাতের স্বনির্ভরতা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। এছাড়া সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি সরকারি উদ্যোগগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক বক্তব্য রাখেন। আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ওয়াহিদা হকের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক রোকেয়া আক্তার। শেষে প্রতিমন্ত্রী ও অন্যান্য অতিথিরা কার্জন হল পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার নাম: 

























