ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নেওয়ার জন্য চলতি বছরের ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর থেকে নিজাম উদ্দিনকে পাঠানো হয়েছিল। কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে করা ডোপ টেস্টে তার শরীরে মাদকের উপস্থিতি বা পজিটিভ ফলাফল পাওয়া যায়, যা কোর্সের শৃঙ্খলা পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
রিপোর্টার নাম: 























