মায়ের প্রতি গভীর ভালোবাসা ও তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে কাতারের আল খোর শহরে একটি নতুন কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রয়াত সমাজসেবী মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদির স্মরণে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বানাঈদ আল-মেহন্দি সেন্টার ফর মেমোরাইজিং দ্য হোলি কোরআন ফর উইমেন’। আজ ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।
মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদি তাঁর জীবদ্দশায় মানবসেবা ও দাতব্য কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবার এই শোককে শক্তিতে রূপান্তর করে সদকায়ে জারিয়া হিসেবে এই ইসলামিক সেন্টারটি প্রতিষ্ঠা করেছে। পরিবারটির প্রত্যাশা, এই সেন্টারে পবিত্র কোরআন শিক্ষা ও তেলাওয়াতের প্রতিটি মুহূর্ত মরহুমার আমলনামায় অবিরাম নেক আমল হিসেবে যুক্ত হতে থাকবে, যা তাঁর সদকায়ে জারিয়ার ধারাকে অব্যাহত রাখবে।
স্থানীয় নারী ও কিশোরীদের জন্য দ্বীনি শিক্ষা সহজলভ্য করার লক্ষ্যে এই সেন্টারের সকল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করা হচ্ছে। এখানে বয়স নির্বিশেষে যেকোনো নারী ও তরুণী নাম নিবন্ধন করতে পারবেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও হিফজ করার জন্য এখানে আধুনিক ও সুবিন্যস্ত পঠন-পাঠন ব্যবস্থা রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শেখার সুযোগ করে দেবে।
আল খোর অঞ্চলের স্থানীয় নারী সমাজের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নে এই নতুন কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি অনন্য মাধ্যম হিসেবেও কাজ করবে।
রিপোর্টার নাম: 
























