বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতিসংঘের ওই প্রতিবেদনটি মূলত অনুমাননির্ভর। তাই এমন তথ্যের ভিত্তিতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না সরকার।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি এখনো বিস্তারিত পড়েননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তিনি মনে করছেন, এটি কোনো সুনির্দিষ্ট প্রমাণের চেয়ে পর্যবেক্ষণের ওপর বেশি নির্ভরশীল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদনে সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বিস্তারিত বলতে পারব না। নিরাপত্তার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়ে কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে হুট করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। যেকোনো পদক্ষেপ গ্রহণের আগে সংশ্লিষ্ট তথ্য ও বিষয়বস্তু গভীরভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন।
সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী জানান, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা সরকারের নিয়মিত কাজের অংশ।
রিপোর্টার নাম: 






















