কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্থানীয় ইমাম-উলামা পরিষদের তীব্র আপত্তি ও প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। শরিয়তবিরোধী কর্মকাণ্ডের আশঙ্কায় এই কনসার্ট বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯ আগস্ট ২০২৬ তারিখে পুরাতন স্টেডিয়ামে গান-বাজনার আয়োজন করা হয়েছে, যা ইসলামী শরিয়তের পরিপন্থী। ধর্মীয় নেতাদের দাবি, অতীতেও কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করা হলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা সফল হয়নি। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এবং জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা সতর্ক করেন।
ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানানো হয়। একই সঙ্গে এই স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরেও পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে স্থানীয় প্রশাসন শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে।
কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্যান্ড ‘অ্যাশেজ’ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’ তবে কনসার্টটি ভবিষ্যতে পুনরায় আয়োজন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নতুন তারিখ বা তথ্য জানানো হয়নি।
রিপোর্টার নাম: 
























