রাজধানীর কাফরুল থানায় হাজত খানায় থাকা আসামিদের সঙ্গে দেখা করতে স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। দিকদর্শনর হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, থানার গেটের কাছে এক পুলিশ সদস্যের হাতে ২২০ টাকা তুলে দিচ্ছেন এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, ওই টাকা নেওয়ার পর হাজতখানায় থাকা আসামির সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন কাফরুল থানার এসআই সাইফুল ও কনস্টেবল রবিউল। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির কাছ থেকে ২২০ টাকা নিয়ে তা পকেটে রাখছেন কনস্টেবল রবিউল। অভিযোগকারী পক্ষের দাবি, হাজতখানায় স্বজনদের আসামির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার বিনিময়ে এভাবেই টাকা নেওয়া হয়।
তবে অভিযোগ শুধু ২২০ টাকায় সীমাবদ্ধ নয়। থানার তৃতীয় তলায় নিয়ে আসামিপক্ষের কাছ থেকে এসআই সাইফুল ২ হাজার টাকা নিয়েছেন এমন অভিযোগও উঠেছে। টাকা নেওয়ার সরাসরি কোনো ভিডিও না থাকলেও এ বিষয়ে একটি ভয়েস রেকর্ড দিকদর্শন নিউজের হাতে এসেছে।
বিষয়টি নিয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের বক্তব্য জানতে চাওয়া হয়। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরে তাকে টাকা নেওয়ার ভিডিওটি দেখানো হয়। তখন ওসি জানান, হাজতখানায় থাকা আসামির সঙ্গে দেখা করতে কোনো ধরনের টাকা নেওয়ার নিয়ম নেই। এমনকি এভাবে টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন উঠছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা একজন আসামির সঙ্গে স্বজনদের দেখা করার সুযোগ পেতেও যদি অর্থ দিতে হয়, তাহলে থানার ভেতরের এই অনিয়মের দায় কার? অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
নিজস্ব প্রতিবেদক 
























