জীবনে প্রকৃত সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, যদি তোমরা জীবনে সফল হতে চাও, তবে ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ করো এবং আসক্তি থেকে বেরিয়ে এসো। তিনি আরও যোগ করেন, প্রযুক্তি আমাদের জন্য প্রয়োজনীয় হলেও বর্তমানে আমরা এর ইতিবাচক ব্যবহারের চেয়ে নেতিবাচক ও অপচয়মূলক কাজে বেশি সময় ব্যয় করছি। ডিভাইস আমাদের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে, তাই এর ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হওয়া জরুরি।
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি অধ্যাপক সায়মা বিনতে ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ নুরুল আমিন, ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং শফিউল আলম টিপুসহ অন্যান্যরা।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৭০০ শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ট্রাস্টের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয়।
রিপোর্টার নাম: 

























