গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শেরেবাংলা নগরে গিয়ে তাঁর বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তিনি সমাধিস্থলে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসদ ভবন থেকে সরাসরি শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বাবা ও মায়ের কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ করেন। এরপর তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী গুলশানে নিজের কার্যালয়ে যান, যেখানে তিনি মাগরিবের নামাজ আদায় করেন এবং পরবর্তীতে একটি সাংগঠনিক সভায় যোগ দেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ধারাবাহিকভাবে ভোট প্রদান করেন।
রিপোর্টার নাম: 























