রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের উদ্যোগে এই ধর্মীয় শোভাযাত্রাটি বের করা হয়। সকাল ৯টা ১১ মিনিটে খানকা শরীফের মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়, যার নেতৃত্ব দেন সাজ্জাদানশীন হুজুরপাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরী (মাঃ জিঃ আঃ)।
শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে ফিরে এসে শেষ হয়। এতে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকা ধর্মীয় স্লোগান, ব্যানার ও পতাকায় মুখর হয়ে ওঠে, যা স্থানীয়দের মাঝে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের সভাপতি মো. মুক্তার বেপারী জানান, ঈদে মিলাদুন্নবী মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের দিন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজ ও দেশকে শান্তি, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার ভিত্তিতে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, মহানবীর দেখানো পথে চললে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, অশান্তি ও অরাজকতা দূর করা সম্ভব।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে খানকা শরীফ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সবশেষে উপস্থিত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। প্রতিবছরই যথাযোগ্য মর্যাদায় দৌলতদিয়ায় এই ধর্মীয় দিবসটি পালন করা হয়ে থাকে।
রিপোর্টার নাম: 
























