গাজায় চলমান ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে হবে। একইসঙ্গে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে এমন সব ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
মধ্যস্থতাকারী দেশগুলোর মতে, ইসরায়েলি হামলার তীব্রতা গাজা সংঘাত নিরসনে চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে যখন সংঘাত অবসানে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে, তখন এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘বোর্ড অব পিস’ ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে ইতিবাচক অগ্রগতি অর্জিত হচ্ছিল, যা বর্তমান হামলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যুদ্ধবিরতি বজায় রাখা এবং সংঘাতের বিস্তার রোধে আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।
রিপোর্টার নাম: 






















