নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাড়া দেশের যেকোনো ব্যক্তি বা সংগঠনের সভা-সমাবেশ করার এবং সরকারের গঠনমূলক সমালোচনা করার পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, জনগণ যাতে নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।
গুমের ঘটনার বিষয়ে আইনমন্ত্রী জানান, গত ছয় মাসে দেশে একটি গুমের ঘটনা ঘটেছে এবং আরও তিনটি ঘটনার তদন্ত চলমান রয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এছাড়া দেশে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশে কোনো মিথ্যা মামলা হচ্ছে না—এমন দাবি করা যাবে না। তবে সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মানবাধিকার ও গুম প্রতিরোধ আইনের বিষয়ে মন্ত্রী জানান, প্রস্তাবিত আইনের কিছু জটিলতা রয়েছে। সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনার পর আইনটি সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধান সংস্কারের প্রশ্নে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন কার্যকর থাকবে, ততদিন প্রয়োজন অনুযায়ী এতে সংস্কার আনা সম্ভব। তবে এ সংক্রান্ত কমিটির প্রস্তাব ও সদস্যদের নাম এখনো পাওয়া যায়নি।
দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, আমরা পেছনে ফিরতে চাই না, বরং সামনে এগিয়ে যেতে চাই। আমাদের ভুল হতে পারে, তবে আমরা সঠিক পথে চলার চেষ্টা করছি। জুলাই সনদের পথ ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার নাম: 

























