কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল-আনসারি বুধবার এই বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন। দীর্ঘস্থায়ী সংঘাত নিরসন এবং বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা, ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্তকরণ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। যদিও উভয় পক্ষ কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি, তবে মধ্যস্থতাকারীরা একে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। তবে পরবর্তী বৈঠকের সময় নির্ধারণের ক্ষেত্রে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন করে আলোচনার টেবিলে বসার সম্ভাবনা নেই। কাতারের কর্মকর্তাদের ভাষ্যমতে, আগামী ৯ জুলাই খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরই পরবর্তী আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারিতে সংঘাতের শুরুতে এক হামলায় নিহত হলেও পরিস্থিতির কারণে এতদিন তার দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি।
পরোক্ষ এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন। কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় দেশের মধ্যে বার্তা আদান-প্রদান করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার ইতিবাচক ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রক্রিয়াটি সঠিক পথেই এগোচ্ছে।
এর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যেখানে লেবাননসহ সকল রণাঙ্গনে সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক জাহাজ হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, বর্তমানে দুই দেশ তাদের মধ্যকার সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখছে। পরবর্তী বৈঠকে এই পর্যবেক্ষণগুলো পর্যালোচনার মাধ্যমে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে।
রিপোর্টার নাম: 
























