শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ মোট ৩০ জনকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা প্রদান করেছেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশেষ আদালত এই আদেশ দেন।
একই দিন সকালে গ্রেপ্তারকৃত ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ডা. দীপু মনি ও শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপা। তবে অসুস্থতার কারণে ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে আনা সম্ভব হয়নি। এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিল ট্রাইব্যুনাল।
শাপলা চত্বরের ওই ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের অন্ধকারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হেফাজতে ইসলামকে নির্মূল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
রিপোর্টার নাম: 
























