নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে রংপুরে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছেন মহানগর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর এই শোডাউন শুরু হয়। মোটরসাইকেলের বহরটি পায়রা চত্বর, জুলাই চত্বর, কাচারি বাজার চেকপোস্ট, টার্মিনাল, দর্শনা মডার্ন মোড় ও পার্কের মোড় হয়ে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতারা ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘ধর ধর ছাত্রলীগ ধর’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ এবং ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’র মতো স্লোগান দেন। কর্মসূচিতে মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্যসচিব রবিউল ইসলাম রবিসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা নেতৃত্ব দেন। এর পাশাপাশি সিটি বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যুবদল নেতাকর্মীরা অবস্থান নেন।
অংশগ্রহণকারী নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, রংপুর মহানগরীর রাজপথ সারা রাত ছাত্রদল পাহারা দেবে। কোনো এলাকায় সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এদিকে রাতে নগরীর বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া স্থানীয়রা মিঠাপুকুর ওভারব্রিজের নিচে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছেন। খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
রিপোর্টার নাম: 
























