রাজধানীর বিভিন্ন স্থানে রোববার সন্ধ্যা ও রাতে একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মালিবাগ, ক্যান্টনমেন্ট ও পান্থপথসহ গুরুত্বপূর্ণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। ভাটারা এলাকায় সন্ধ্যায় একটি স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মালিবাগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম নিশ্চিত করেছেন, দুর্বৃত্তরা পার্কিং করা একটি গাড়ির বনেটের ওপর ককটেল ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
একই রাতে পরিস্থিতির অবনতি ঘটে ক্যান্টনমেন্ট ও পান্থপথেও। রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ফটকে এবং এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় পান্থপথে ককটেল বিস্ফোরণ হয়। এছাড়া এর আগের রাতে যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকা এবং মিরপুর পল্লবী মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ধ্যার দিকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ, জগন্নাথ হল, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি করে। স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রিপোর্টার নাম: 























